ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০০ বোতল ফেনসিডিলসহ মেহেরপুর-মহাজনপুর সড়কের যতারপুরের একটি কলাবাগানের পশ্চিমপাশ থেকে তিন মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে ডিবির এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটক কারবারিরা হলেন, মহাজনপুর গ্রামের হালিম আলী (২৮), দৌলত শেখ (৪৫) ও আনন্দবাস গ্রামের আলী ইয়াসিন (৫০)।
ডিবির ওসি জনাব, সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহানজনপুর সড়কের যতারপুর থেকে ফেনসিডিলের চালান পাচার হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যতারপুরের একটি কলাবাগানের কাছে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে মাদক কারবারি দৌলত শেখ ও হালিম আলীকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আনন্দবাস সীমান্ত এলাকা থেকে ওই গ্রামের আলী ইয়াসিনকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মুজিবনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিদের সোপর্দ করা হয়েছে।