বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩

গুজব ছড়ানো হচ্ছে সেন্টমার্টিন নিয়ে : বিজিবি মহাপরিচালক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গুজব ছড়ানো হচ্ছে সেন্টমার্টিন নিয়ে, এতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল জনাব, মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) প্যারেড গ্রাউন্ডে ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
ডিজি বলেন, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও বিদ্রোহী দলের মধ্যে নাফ নদীর তীরবর্তী এলাকায় তুমুল যুদ্ধ চলছে। যখন একটি দেশে দুটি দলের মধ্যে যুদ্ধ চলে তখন এর পাশাপাশি এদিক-ওদিক গোলাগুলি হতে পারে। কিছু গোলা এদিক-ওদিক গেছে, কিছু গুলি আমাদের ট্রলারের দিকে এসেছে। আমরা মিয়ানমারের দুই পক্ষকে জানিয়েছি যে আমাদের দিকে পরবর্তীতে যেন কোনো ঘটনা না ঘটে। এরপর কিন্তু আর গোলাগুলি হয়নি। তবুও সেন্ট মার্টিনে যেসব ট্রলার চলাচল করে তাদেরকে বাংলাদেশের পতাকা উঁচু করে বেঁধে চলাচল করতে বলা হয়েছে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
তিনি আরও বলেন, তারপরও সাবধানতা অবলম্বন করে প্রধানমন্ত্রীর নির্দেশে বিকল্প পথে কক্সবাজার থেকে জাহাজ, ট্রলার গমনাগমন করছে। তারপরও ঝুঁকিপূর্ণ ওই এলাকা বাদ দিয়ে চলাচলের জন্য আমরা চেষ্টা করছি।
সেন্ট মার্টিনকে নিয়ে অনেকে অপপ্রচার চালানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, আমি নিজেও সেখানে গিয়েছি। সেখানে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সাবধান করে এসেছি।