শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

ডাকাতের গুলিতে রোহিঙ্গা নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফের আশ্রয় শিবিরে এক রোহিঙ্গাকে মাথায় গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত রোহিঙ্গা-টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-ই শেডের বাসিন্দা।
শনিবার সকাল ৮ টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম বলেন, শনিবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকে বসবাসরত মো. আলম নামের এক রোহিঙ্গাকে হয়তো পূর্বের শত্রুতার জের ধরে একটি ডাকাত দলের সদস্যরা ক্যাম্পের ভেতর চায়ের দোকানের সামনে মাথায় গুলি করে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম সেখানে আসেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. ওসমান গনি বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ডাকাতের গুলিতে এক রোহিঙ্গা নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশটি উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানায়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।