শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

স্ত্রীকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সালেহা খাতুন নামে মেহেরপুর সদরে এক নারীকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে। সালেহা খাতুনের তিন সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকাবাসী তার স্বামী এলাহী বক্সকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে।
আজ শুক্রবার (১০ মে) সকালে সদর উপজেলার গোভীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাহী বক্স গোভিপুরেরই ভিটাপাড়ার খোদা বাক্সের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে নামেন। এ সময় তার স্বামী এলাহী বক্স ধারালো হাঁসুয়া দিয়ে তাকে উপর্যুপরি কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি।
পরে ছালেহা খাতুনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা আরো জানান, এলাহী বক্স মানসিক রোগী। তবে কী কারণে সে তার স্ত্রীকে হত্যা করেছে এই বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ কনি মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক এলাহী বক্সকে ধরিয়ে দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে হত্যার উদ্দেশ্য জানা যাবে।