শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

বিদেশি পিস্তল-গুলি উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রিকশার গ্যারেজ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ ঢাকার আশুলিয়া থেকে তজিবুর রহমান নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (২৮ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার তাজপুরে আসামির রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন আহমেদ নয়ন ও সোহেল মোল্লা।
গ্রেপ্তারকৃত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকার মৃত রজি উল্লাহ সরকারের ছেলে তজিবুর রহমান সরকার (৫৫)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করেছেন পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তজিবুরের মালিকানাধীন রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি সচল রয়েছে।
গ্রেপ্তারের সময় পিস্তলটিতে ম্যাগাজিন ও গুলি লোড করা ছিল।
এ বিষয়ে মামলার বাদী ও আশুলিয়া থানার এসআই শাহীন আহমেদ নয়ন বলেন, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।