মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই রোগে মৃতের সংখ্যা পৌঁছল ১৮৫ জনে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত বছর সর্বোচ্চ ১৮১ জনের, ২০১৯ সালে ১৬১ জনের এবং ২০২১ সালে ১০৫ জনের মৃত্যু হয়। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও অনেক বেশি।
২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এবার গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ২৯৩ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ২৩৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৫ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৫ হাজার ২৭০ জনে।
জুলাই মাসের ২৩ দিনেই ভর্তি হয়েছে ২৭ হাজার ২৯২ জন ও মৃত্যু হয়েছে ১৩৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে সাত হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় চার হাজার ৩৯৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৬৮ জন ভর্তি রয়েছে।