ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাগরে মাছ ধরার। রোববার রাত ১২টার পর নিষেধাজ্ঞা শেষ। লক্ষ্মীপুরের রায়পুরসহ সারা দেশের জেলেরা নৌকা-জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি শেষ করেছেন।
দীর্ঘ বিরতির পর সাগরে মাছ ধরতে পারায় জেলেদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। তারা এতদিন ধারদেনা করে অনেক কষ্টে দিন কাটিয়েছেন। এখন সাগরে পর্যাপ্ত ইলিশ পেলে সেই দেনা পরিশোধ করতে পারবেন, এমন আশায় বুক বেঁধেছেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার মাছের উৎপাদন, সুষ্ঠু প্রজনন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ ৬৫ দিন বেকার হয়ে পড়া নিবন্ধিত জেলেদের ৮৬ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।