শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪০

ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নাটোরের বড়াইগ্রামে ঘটনাস্থলে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার মধ্যরাতে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পরিবহণ উপজেলার খেজুরতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী অপর একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর, বনপাড়া ও আহমেদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।