ডেইলি ক্রাইম বার্তা : যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায়। শনিবার (১৫ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে। অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিকেল সোয়া চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জনাব, হেলাল উদ্দিন। আহতদের বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই ট্রলির যাত্রী। নিহতরা হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও বাবুগঞ্জের উওর রহমতপুর এলাকার সিনবাদ।
এয়ারপোর্ট থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”