শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৯

বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি করতে গিয়ে দিনাজপুরের বিরামপুরে জুয়েল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌর শহরের প্রফেসরপাড়া এলাকার আজিজার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জুয়েলের নামে বিরামপুর থানায় মাদক, চুরি, ভ্রাম্যমাণ ও মারামারির ছয়টি মামলা রয়েছে। তিনি পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকার মো. দবির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শনিবার রাতে পৌর শহরের আজিজারের বাড়িতে চুরি করতে যায় জুয়েল। পাশে নির্মাণাধীন দোতলা বাড়ির ছাদ থেকে চুরি করতে এসে বাসার বেলকুনির রেলিং ধরার সময় বিদ্যুতের মেইন তারে জড়িয়ে যায় সে।
বেশ কিছুক্ষণ সেখানে ওই অবস্থায় থাকার পর বিকট শব্দে মাটিতে পড়ে যায় জুয়েল। পরে বাড়ির লোকজন জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
এসআই নিহার রঞ্জন সরকার বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়েলকে মৃত্যু অবস্থায় দেখতে পাই। ধারণা করা হচ্ছে, সে পাশে নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে চুরি করতে আসা বাড়ির বেলকুনিতে আসার সময় বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে রক্তশূন্য হয়ে মারা যায়।
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুমন কুমার মহন্ত বলেন, জুয়েলের নামে বিরামপুর থানায় চুরি, মাদক, ভ্রাম্যমাণ ও মারামারির ছয়টি মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।