ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালুবাহী ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে ৯ বছরের শিশু মো. আসাদুল্লাহ নিহত হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুর সোয়া ১টার দিকে পৌর ১২নং ওয়ার্ডের চরমোহনপুর নামোপাড়া এলাকায় কাঁচা সড়কের ওপর ঘটনাটি ঘটে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আসাদুল্লাহ একই ওয়ার্ডের স্কুলপাড়া মহল্লার শামসুল আলমের ছেলে।
ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মহানন্দা নদীর ঘাটে গোসল করতে যাওয়ার সময় ঘটনার শিকার হয় শিশুটি। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।