ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাতে পাহাড় কাটার সময় খাগড়াছড়ির রামগড়ে এক্সকাভেটর ধসে পড়ে চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমানের (৩০) বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কবিরহাট নামক স্থানে।
জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতে পাহাড় কেটে আসছিল।
ইতোপূর্বে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে উপজেলা প্রশাসন এক্সকাভেটর ও বালু জব্দ করেছিল।
রামগড় থানার উপপরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া বলেন, ওসি (তদন্ত) ফখরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হয়েছে। এক্সকাভেটরটি জব্দ করা হয়েছে।
পাহাড় কাটা প্রসঙ্গে রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) জনাব, মানস চন্দ্র দাশ বলেন, রাতে দুর্গম এলাকায় অভিযান চালানো কষ্টকর। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।