ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসলে নেমে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর পাওয়া গেলো সিরাজুল আরেফিন আকিব (২২) এর মরদেহ।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছেন। এর আগে গত বুধবার বেলা ১টায় একই স্থানে গোসলে নেমে সে নিখোঁজ হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান জানান, গতকাল নিখোঁজ হওয়া যুবকের খোঁজে রাত পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিলো সেখানে তার লাশটি ভেসে উঠে। এদিকে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।