ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সালিশবৈঠকে দুপক্ষের সংঘর্ষে সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজার ইউনিয়নে আব্দুস সালাম খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
স্থানীয়রা জানান, গ্রামের খাঁন এবং শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে মসজিদের জমির সীমানা চিহ্নিত করতে গ্রামে এক বৈঠক বসেছিল। ওই বৈঠকে খাঁন ও শেখ গোষ্ঠীর লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সালিশকারী, শিশু, নারীসহ দুপক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আহমদ উল্লাহ ভুঁইয়া আহত আব্দুস সালামের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।