ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা রাজধানীর হাতিরঝিল এলাকায় ঈদুল ফিতরের দিন বাসচাপায় দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম মেহেদী হাসান (১৭)।
হাতিরঝিল থানার এসআই সুজন দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেহেদী বাইক চালাচ্ছিল। শনিবার বেলা ১১টার দিকে হাতিরঝিল থানাধীন রামপুরার টিভি সেন্টারের বিপরীতে যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর জখম হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেহেদীর গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তার বাবা আবুল কাশেম পেশায় একজন ব্যবসায়ী। রামপুরা এলাকায় মা–বাবার সঙ্গে থাকতেন মেহেদী।
বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই সুজন দেব।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।