ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলের কালিহাতীতে মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার মনিরুজ্জামান মনির বলেন, সকালে নিহত চারজন নারী রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। রেল পুলিশ লাশগুলো উদ্ধারের কাজ করেছে।