ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি এয়ারলাইন্সের যাত্রী নিজের শরীরে বহন করছিল ৩২টি সোনার বার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকার, যার ওজন প্রায় পৌনে চার কেজি এবং তিনি দুবাই থেকে এসেছেন। বর্তমান যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে সোনার বারসহ আটক হন যাত্রী জিয়া উদ্দিন। পরে তল্লাশি চালিয়ে বের করে আনা হয় তার শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কাস্টমস গোয়েন্দারা। গত ১৩ মাসে তিনি ১৯ বার দুবাই থেকে চট্টগ্রাম এসেছেন। আর প্রতিবারই পায়ুপথে করে নিয়ে এসেছেন সোনার চালান।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক জনাব, মো. সাইফুর রহমান জানান, দুবাই থেকে আসা একটি বিমানের ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জিয়া উদ্দিনকে গোপন সংবাদের সূত্র ধরে আটক করা হয়। এরপর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের ভেতর থেকে ১৫ পিস, জুতার ভেতর থেকে ৮ পিস সোনার বার উদ্ধার করা হয়। তার পায়ুপথে আরও সোনা আছে বলে এক্সরেতে ধরা পড়ে। এরপর টয়লেটে নিয়ে পায়ুপথ থেকে আরও ৯টি বার বের করে আনা হয়।
জনাব, মো. সাইফুর রহমান আরও জানান, আটক জিয়া উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ফৌজদারি মামলা করে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।