শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৭

পাচারকারী স্বর্ণের বারসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫৮০ গ্রাম স্বর্ণের বারসহ চুয়াডাঙ্গার জীবন নগরে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো সীমান্ত এলাকার নতুন পাড়া গ্রামে নেয়া হচ্ছিল।
সোমবার রাতে জীবন নগর পৌর এলাকার ইসলামপুর থেকে বারসহ পাচারকারীদের আটক করা হয়।
আটকরা হলেন জীবন নগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের জিয়া উদ্দিন ও একই গ্রামের কামাল।
জীবন নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আব্দুল খালেক বলেন, দুই পাচারকারী জীবন নগর থেকে স্বর্ণের বার ভারতে পাচার করবে এমন সংবাদ পেয়ে পুলিশ ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। জীবন নগর থেকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সীমান্ত এলাকার নতুন পাড়া গ্রামে যাচ্ছিল। সন্দেহ ভাজন মনে হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করে। তাদের তল্লাশি করে ৫৮০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ সময় তাদের দু’জনকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, আটক দু’জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জীবন নগর থানায় মামলা করবে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।