ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবেশে সুযোগ বুঝে অটোরিকশা ছিনিয়ে নেওয়াই তাদের পরিকল্পনা এবং চালকের ওপর সুযোগ বুঝে হামলা। আশুলিয়ায় এক চালককে গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের সময় অল্পের জন্য রক্ষা পায় এক চালক আর সায়েম সরকার নামে এ চক্রের একজনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার ১৪ মার্চ গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানা থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে রবিবার গভীর রাতে তাকে আশুলিয়ার দূর্গাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন- পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানার সায়েম সরকার (২২)। পলাতক আসামিরা হলেন রাসেল (২৯), হারুন (৩০) ও কামরুল (৩০)। উদ্ধার করা হয় রিকশা ও জব্দ করা হয় হামলায় ব্যবহৃত ছুরিটিও।
ভুক্তভোগী রিকশাচালক জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ভোলা জেলায়। আশুলিয়ার চাঁনগাও এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করেন এবং নিজের রিকশা চালিয়ে আয় রোজগার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শাহিন আহমেদ নয়ন বলেন, বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে। রিকশা চুরি ও ছিনতাই করে বিক্রি করে দেওয়াই এ গ্রুপের লক্ষ্য।