ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সঞ্জিত জোয়ারদার (৫৫) নামের ঝিনাইদহের শৈলকুপার আগুনিয়াপাড়া থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের হেমন্ত জোয়ারদারের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সঞ্জিত জোয়ারদার। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানের পাশে মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
শৈলকুপা তমালতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক আনোয়ারুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে মৃতদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কিংবা মৃত্যুর অন্য কোন কারনও খুঁজে পাওয়া যায়নি। তবে পরিবারের লোকজন তার মৃত্যুর কারন নিয়ে সন্দেহ থাকায় ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।