ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে। খবর পেয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে তাড়াইল, করিমগঞ্জ, নান্দাইল ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যোগ দেয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের এনায়েত মার্কেটের একটি দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তেই এ আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।
দীর্ঘ দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ও তাড়াইল থানার ওসি জনাব, মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, ইলেকট্রনিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হলেও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তারা।
তাড়াইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম আখন্দ জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ ২৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং ১৫/১৬ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।