ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বিয়েবাড়িতে দাওয়াত খেতে গিয়ে। গলায় মাংসের হাড় আটকে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার নাম আবুল হোসেন মোল্লা (২৩)।
শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন মোল্লা পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তপারকান্দি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
প্রতিবন্ধী যুবকের বাবা আব্দুল খালেক মোল্লা বলেন, আমার ছেলে দাওয়াত খেতে গিয়ে গলায় হাড় আটকে যায়। আমরা বাড়িতে বসে অনেক চেষ্টা করেছি হাড় তুলে ফেলার কিন্তু কোনো কাজ হয়নি। পরে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ওই রোগীকে হাসপাতালে মৃত্যু অবস্থায় পরিবারের লোকজন নিয়ে এসেছে, তবে নিশ্চিত ঘটনা জানার জন্য ময়নাতদন্ত করতে হবে।
রাজৈর থানার ওসি জনাব, মোঃ আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগী পরিবারের কোনো অভিযোগ নেই।