শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫২

টাকা আত্মসাৎ এবং বাবা-ছেলে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাইকারি সিগারেট বিক্রিতে অফারের কথা বলে চট্টগ্রামে প্রায় ৫৪ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হাসিব শেখ (২৭) ও তাঁর বাবা হেদাগেত শেখ (৫৫)। গতকাল সোমবার তাঁদের চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মেহনাজ রহমানের আদালতে হাজির করা হয়।
গত রবিবার রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তর পাড়ার একটি ভবন থেকে ৩৭ লাখ টাকাসহ তাঁদের গ্রেফতার করে পিবিআইয়ের চট্টগ্রাম ইউনিট।
ছেলে হাসিব এ ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তাঁদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন এলাকায়। তাঁরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় থাকতেন।
পিবিআই সূত্রে জানা যায়, একটি সিগারেট বিক্রয়কারী প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে হাসিব চাকরি করতেন। গত বছরের ৯ অক্টোবর ভুক্তভোগী ওই দোকান মালিক মাসুদ রানাকে হাসিব জানান, সিগারেটে নতুন একটি অফার আসছে। একসঙ্গে বেশি সিগারেট কিনলে বিপুল টাকা লাভ হবে। এই প্রলোভনে পা দিয়ে ভুক্তভোগী কয়েক ধাপে হাসিবের কাছে ৫৩ লাখ ৮৮ হাজার টাকা দেন। পরে এ টাকা নিয়ে পালিয়ে যান হাসিব।
এই ঘটনায় গত ১৭ অক্টোবর সুপারভাইজার হাসিব শেখ এবং একই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি রুবেল ও ইমতিয়াজের বিরুদ্ধে দোকান মালিক মাসুদ রানা বাদী হয়ে চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট।