ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হন শিশুসহ আরো চারজন।
শুক্রবার (২০জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার গহরপুরের চরলাপুর এলাকার মরহুম ফুরসত উল্লার ছেলে অটোরিকশাচালক বাবুল মিয়া (৬৫) ও একই এলাকার আনহার মিয়া (৪৫)।
জানা যায়, সিলেট-সুলতানপুর-গহরপুর রোডের সিলাম বটতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরো চারজন। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, শামছুদ্দোহা।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।