শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৪

ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৌহিদুল ইসলাম (২২) নামের যশোরের মণিরামপুরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বজনরা তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। তৌহিদুল উপজেলার কাশিপুর গ্রামের আবুল সানার ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন।
এ ঘটনায় নিহত তৌহিদুলের বোন মরিয়ম বেগম বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
বাদী মরিয়ম ও পুলিশ জানায়, তৌহিদুল ছোট বয়সে গাছ থেকে পড়ে গিয়েছিলেন। এর পর থেকে তিনি খানিকটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। দেড় বছর আগে তিনি বিয়ে করেন। বুধবার রাতে খাওয়ার পর স্ত্রী জয়নব খাতুনের সঙ্গে নিজ ঘরে ঘুমাতে যান তৌহিদুল। বৃহস্পতিবার ভোরে জয়নব ঘুম থেকে উঠে দেখেন তৌহিদুল ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, নিহতের স্বজনরা জানিয়েছেন যে এর আগেও একাধিকবার তৌহিদুল আত্মহত্যার চেষ্টা করেছেন। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।