ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিয়েছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় এবং এতে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই যাত্রী।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে দনিয়া কলেজ সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক মমিন মিয়া (৩৭) ও মাছ ব্যবসায়ী পলাশ (৫০)। আহতরা হলেন মাছ ব্যবসায়ী শাহ আলী (৩৬) ও সুমন (৪০)।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান রহমান জানান, ভোরে ঢাকায় ঢুকছিল একটি ট্রাক। দনিয়া কলেজের সামনের সড়কে ট্রাকটি থেমে ছিল। পেছন থেকে দ্রুতগতির সিএনজিচালিত একটি অটোরিকশা ট্রাকে ধাক্কা দেয়। এতে অটোর চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মমিন ও পলাশকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, চালক বাদে সবাই মাছ ব্যবসায়ী। তারা মুন্সিগঞ্জে থাকেন এবং সেখানে মাছ বিক্রি করেন। ভোরে মাছ কেনার জন্য তারা যাত্রাবাড়ী আড়তে আসছিলেন। গুরুতর আহত সুমন ও শাহ আলীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।