ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুর গাছা গ্রামের বুলু মিয়া (৪০) ও চৌগাছার সৈয়দপুর কোদালিপুর এলাকার হয়রত আলী (৩৫)।
হয়রত আলী পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ও বুলু মিয়া ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া ও হয়রত আলী মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে যশোর ক্যান্টনমেন্ট শানতলা পেপসি কম্পানি নামক স্থানে তারা দুর্ঘটনার শিকার হয়। তবে কোনো গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে সেটি পুলিশ জানাতে পারেনি।
এলাকাবাসী সড়কের পাশে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে যশোরের কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, কীসের সঙ্গে সংঘর্ষে ওই দুই মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।