ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কৃষক সেজে নেত্রকোনার মদন থানার পুলিশ, মো. মাসুদ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামের সামনের হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ মিয়া শাহপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ মিয়ার বিরুদ্ধে ২০২১ সালের জুন মাসে নিয়মিত মাদক মামলা হয়। ওই মামলায় আদালত ছয় মাসের সাজা প্রদান করেন এবং ২০২২ সালের ১৯ ডিসেম্বর মাসুদ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা হওয়ার পর থেকে মাসুদ মিয়া হাওরের মধ্যে বসবাস শুরু করেন।
খবর পেয়ে মদন থানার এসআই মোশারফ হোসেন ফরাজী আজ সকালে কৃষক সেজে ওই হাওরে কাজে যান। এরপর কিছুক্ষণ কৃষিকাজ করার পর মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেন।
মদন থানার ওসি জনাব, মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়া হাওরে বসবাস করছে খবর পেয়ে পুলিশ কৃষক সেজে কাজে গিয়ে তাকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।