ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩১ ডিসেম্বর (থার্টিফার্স্ট) রাতে ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও যানবাহন-শৃঙ্খলা নিশ্চিতকরণে যানবাহন চলাচলে কিছু সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে ডিএমপি।
থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে লোকসমাগম ও কোনো পার্টি করা যাবে না।
এ ছাড়া থার্টিফার্স্ট নাইট বাসায় কিংবা বাড়ির ছাদে কোথাও জনসমাগম করে উদযাপন করা যাবে না বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে সীমিত আকারে ঘরের ভেতরে পরিবারের সঙ্গে নিজেরা উদযাপন করতে পারবে।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সব বার বন্ধ থাকবে। তবে সীমিত আকারে হোটেলগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করা যাবে। কিন্তু ডিজে পার্টি করা যাবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রকাশ্যে রাস্তা বা ফ্লাইওভার, এমনকি বাড়ির ছাদে বা যেকোনো উন্মুক্ত স্থানে উৎসব আয়োজন করা যাবে না।
গতকাল এসব তথ্য নিশ্চিত করে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে তারা।