ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২২ বোতল ভারতীয় মদসহ সুনামগঞ্জের ধর্মপাশায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কংশ সেতুর উত্তরপাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়ারকোনা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আলী (৪২) ও মৃত আম্বর আলীর ছেলে মো. ঝিলিক মিয়া (৩২)।
পুলিশ জানায়, ওই দুই মাদক ব্যবসায়ী ধর্মপাশা উপজেলা থেকে মোটরসাইকেলে ২২ বোতল ভারতীয় মদ নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
ধর্মপাশা থানার ওসি জনাব, মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।