ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাসমান অবস্থায় মাথা ছাড়া নেত্রকোনার মগড়া নদীতে এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) বিকালে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রাম এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এই মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, এর আগে সদর উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রাম এলাকায় মগড়া নদীতে নির্মাণাধীন সেতুর কাছে আটকে ছিল মরদেহটি। এক পর্যায়ে মরদেহটি নদীর স্রোতে ভেসে ভেসে আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রাম এলাকায় এসে আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মরদেহটি কোথা থেকে কিভাবে এসেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রক্রিয়া চলছে। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় আলামত পাঠানো হবে। জেলার সব থানায় খবর পাঠানো হয়েছে।