ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক তরুণীকে হেনস্তা করার ঘটনায় নরসিংদী রেলওয়ে স্টেশনে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকা থেকে যুবককে আটক করা হয়। এর আগে ওই তরুণীকে হেনস্তা করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে।
গত বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে আসা ওই তরুণী ও দুই তরুণের সঙ্গে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।
আটক ওই যুবকের নাম মো. ইসমাইল ইসলাম (৩৫)। সিসিটিভির ফুটেজ এবং মুঠোফোনে ধারণ করা ভিডিওর সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাঁকে আটক করেছে।