ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যমুনা নদীর তীরে মানিকগঞ্জের শিবালয়ে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাটুরিয়া ঘাট থেকে তেওতা জমিদারবাড়ি পর্যন্ত নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে সাতটি শ্যালো ড্রেজার মেশিনসহ অন্তত দুই হাজার মিটার পাইপ অকেজো করে ফেলা হয়।
পরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. মাহবুব ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রেজার ব্যবসায়ী রবিউল ইসলাম ও ইমদাদুরকে এক লাখ করে দুই লাখ টাকা আর বালু ব্যবসায়ী মোনতাজ উদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা করেন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. জাহিদুর রহমান ও এসিল্যান্ড জনাব, মো. মাহাবুব ইসলাম।