ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. জোবায়ের (২১) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আর এই ঘটনা কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের।
শনিবার বিকেল ৪টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব, তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জনাব, তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে খবর পেয়ে অভিযান চালান এপিবিএন সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে গেলেও ধাওয়া করে জোবায়েরকে ধরতে সক্ষম হন তারা।
এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি তিনটি চাপাতি, চারটি বিভিন্ন সাইজের রামদা, একটি হাতুড়ি, দুইটি ছুরি এবং একটি লোহার পাইপ জব্দ করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা অস্ত্রসহ আসামিকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।