ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মিনি ট্রাক উল্টে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় চালক-হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন কাউছার আহমদ হৃদয় (৪০) ও আরিফ হোসেন (২২)। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগরের হাতিয়ার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজারমুখী একটি মিনি ট্রাক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়াস্থ হাতিয়ার পুল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকের চালক লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চর আবাবিল এলাকার কামাল উদ্দিনের ছেলে কাউছার আহমদ হৃদয় ও হেলপার একই এলাকার শহীদ সর্দারের ছেলে আরিফ হোসেন গুরতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি জনাব, মো. সিরাজুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের নিকট খবর পাঠানো হয়েছে। তারা এলে নিহতদের লাশ বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।