শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

ট্রলারডু্বি এবং মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে পাঁচদিনের মাথায় চারটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ৬ জন।
নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে সকাল সাড়ে ৮টার দিকে দুটি মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশের পরিদর্শক মো. মোর্শেদ। কিছু পরেই পাওয়া যায় আরও দুটি।
তিনি বলেন, যেখানে ট্রলার ডুবেছে, সেখান থেকে কিছুটা দূরে দুইটি মরদেহ ভেসে উঠতে দেখে আমাদের খবর দেয় স্থানীয় লোকজন। আমরা গিয়ে উদ্ধার করি। একই পরিবারের যে চারজন নিখোঁজ ছিলেন, এর মধ্যে জেসমিন ও তার মেয়ে তাসনিমের মরদেহ ওই দুটি।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব, রিফাত ফেরদৌস জানান, প্রায় একই সময়ে বক্তাবলী এলাকায় আরও দুটি মরদেহ ভেসে উঠেছে। এর মধ্যে একটি কলেজছাত্র সাব্বির হোসেনের ও আরেকটি পোশাকশ্রমিক জোসনা বেগমের।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বক্তাবলী ফেরিঘাট এলাকার নদীর কিনার থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজনের মরদেহ ভেসে উঠেছে। একই সঙ্গে নিখোঁজ বাকিদের সন্ধানে আমাদের ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশও চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য ৫ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ১০ জন নিখোঁজ হন।