শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৫

শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরকীয়ার সম্পর্কের জেরে সাভারের আশুলিয়ায় কুয়েত প্রবাসীর স্ত্রী মারুফা (২৮) বেগম নামে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ কথিত প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে ঘাতককে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ডেকো পোশাক কারখানার সামনের কুন্ড সরকারের মালিকানাধীন একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মারুফা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জাটিবুনিয়া গ্রামের মোস্তফার মেয়ে। তার স্বামীর নাম আল-আমিন। আল-আমিন কুয়েত প্রবাসী বলে জানা গেছে। মারুফা স্থানীয় শারমিন গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। তার মারজানা নামের একটি ১০ বছরের কন্যা ও ফাহিম নামের একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে।
অভিযুক্ত পলাতক নাম হাসান খাঁ (৩০)। সম্পর্কে নিহতের দুঃসম্পের্কর দেবর। হাসান মিয়া বরগুনা জেলার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের জাকির খাঁর ছেলে। তিনি প্রায়ই মারুফার বাসায় যাতায়াত করতেন।
নিহত মারুফার ছোট্ট শিশু সন্তান ফাহিম বলে, গতকাল হাসান চাচ্চু বাসায় এসেছিল। তিনি আম্মুর সঙ্গে মারামারি করে আম্মুর মোবাইল নিয়ে যান।
স্থানীয়রা জানান, তারা সকালে উঠে কাজে চলে যান। ফিরে এসেও দেখেন মারুফা ঘুম থেকে উঠেননি। পরে ঘরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া গেলে থানায় খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, নিহতের স্বামী কুয়েত প্রবাসী। গত ৫ মাস আগে চাকরির জন্য এই এলাকায় আসেন। দুই মাস তার মামার সঙ্গে থেকে তৃতীয় মাস থেকে আলাদা বাসা নেন। সেখানে মারুফার মামাতো দেবর হাসানের যাতায়াত ছিল। আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতরাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। আমরা হাসানকে আটকের চেষ্টা করছি। তাকে আটক করতে পারলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে হত্যার ঘটনা। আরো তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান।