শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৪

বীজতলা থেকে লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ধানক্ষেতের বীজতলা থেকে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে আর এই ঘটনা নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের বাখর নগর মধ্যপাড়া গ্রামের। অপহরণের পাঁচ দিন পর আজ শুক্রবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। ইয়ামিন একই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জামাল মিয়ার ছেলে এবং বাখর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের দিন দুপুরে ইয়ামিনকে অপহরণ করা হয়। পরে গত বুধবার (১ ডিসেম্বর) শিশুটির মা শামসুন্নাহার বাদী হয়ে রায়পুরা থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন।
ইয়ামিনের মা শামছুন্নাহার বলেন, সকালে ভোটকেন্দ্রে যাওয়ার সময় ছেলেকে বাড়িতে রেখে যাই। ভোট দিয়ে দুপুরে বাড়ি ফিরি। তার পর থেকে ইয়ামিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও ছেলের সন্ধান পাইনি। রাতে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। কল রিসিভ করার পর এক ব্যক্তি জানান, ইয়ামিন তাদের হেফাজতে আছে। এ সময় মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে সে। এত টাকা দিতে পারব না জানালে অপহরণকারী পাঁচ লাখ টাকায় ইয়ামিনকে ছেড়ে দিতে রাজি হয়। পরে বিকাশে এক লাখ টাকা পাঠাই। টাকা পাওয়ার পর অপহরণকারী ব্যক্তি তার ফোনটি বন্ধ করে ফেলে।
তিনি আরো বলেন, ইয়ামিনকে ফিরে পেতে বাকি টাকা দেওয়ার জন্য যোগাযোগের অনেক চেষ্টা করেছি। কিন্তু ফোন বন্ধ পাওয়ায় তা সম্ভব হয়নি। আজ সকালে খবর পেয়ে দেখতে পাই, বাড়ির পাশের বীজতলায় গলিত একটি লাশ পড়ে আছে। লাশটির পরনের প্যান্ট দেখে নিশ্চিত হই এটা আমার ছেলে ইয়ামিন।
সকালে লাশটি ওই বীজতলায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে শিশু ইয়ামিনের গলিত লাশ একটি বীজতলা থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপহরণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।