ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজি অটোরিকশাচালক সোহেল হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মানিককে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব আর এই ঘটনা সাভারে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুরে অভিযান চালিয়ে র্যাব-৪-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। র্যাব কর্মকর্তারা বলেন, পূর্ববিরোধের জেরে সোহেলকে হত্যা করা হয়। এতে মানিক সরাসরি জড়িত। তাঁর বাড়ি রাজবাড়ী।
র্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) জনাব, মাজহারুল ইসলাম জানান, গত ২০ নভেম্বর মানিক ও পলাতক আসামিরা সোহেলকে (৩০) বাসা থেকে ডেকে নিয়ে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডেলটার মোড়সংলগ্ন একটি গ্যারেজের সামনে নিয়ে যায়। সেখানে তাঁকে রাস্তার ওপর ফেলে মারধর করা হয়। এক পর্যায়ে আসামিরা সোহেলকে ছুরিকাঘাত করে।
পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেলের বাবা সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। সোহেলের সঙ্গে আসামিদের কী বিষয়ে বিরোধ ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা।