ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গলায় ফাঁস নিয়ে দুইজন আত্মহত্যার অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদীতে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ও বিকেলে পৌর সদরে পৃথক এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃতরা হলেন, পৌর সদরের বাবুপাড়া রেল কলোনী মহল্লার মৃত ফজলুল হকের ছেলে সোহেল আফ্রিদি (২৩)। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন পৌরসভার রহিমপুর মহল্লার রেজউল করিমের ছেলে মনির হোসেন (১৮)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দুপুরে আফ্রিদিকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। বিকেলে মনিরকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো দেখেন স্বজনরা। এ সময় ঈশ্বরদী থানায় জানালে পুলিশ এসে পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম জানান, ‘২০১৬ সালের প্রেমের বিয়ে থেকে স্ত্রীর সঙ্গে আফ্রিদির সম্পর্কের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন থেকে। হয়তো সে কারণে তিনি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
অপরজন ঢাকায় থাকা অবস্থায় একটি মেয়ের সাথে মনিরের প্রেমের সম্পর্ক ছিল। দুই সপ্তাহ আগে তিনি বেশী বয়সের এক মেয়েকে ঢাকা থেকে বিয়ে করে ঈশ্বরদীর বাসায় নিয়ে আসেন। এরপর তাদের মধ্যে শুরু হয় কলহ। দুইদিন আগে স্বামীর সাথে ঝগড়া করে রাজশাহীর বাবার বাড়িতে স্ত্রী চলে যাওয়াতে অভিমানে তিনি আত্মহত্যা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন দুইজনই আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত শেষে মুল কারণ জানা যাবে।