বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫

মহাসড়ক খানাখন্দে ভরা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উঠে গেছে পিচ ও পাথর, সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানী বাজার-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে। সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও জমে আছে কাদা। সড়কের এমন বেহাল অবস্থায় বাড়ছে ভোগান্তি। ভারী যানবাহন চলাচলের সময় প্রায়ই বিকল হয়ে পড়ছে যানবাহন। এতে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট।
দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশার পাশাপাশি অতিরিক্ত মালবাহী যান চলাচলের কারণে বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে উঁচু-নিচু ও অসমতল অবস্থা। কোথাও সড়কের একপাশ ফুলে উঁচু হয়ে গেছে, আবার কোথাও দেবে গেছে। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে ছোট-বড় অসংখ্য যানবাহন। দীর্ঘদিন কার্যকর সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন গোলাপগঞ্জ, চারখাই ও জকিগঞ্জ রুটে চলাচলকারী হাজারো যাত্রী, পরিবহনচালক ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলার মানুষজন ও বিভিন্ন ধরনের যানবাহনও এ সড়ক দিয়ে চলাচল করে।
সড়কটি দ্রুত মেরামত ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আহমেদ বলেন, আপাতত বিভাগীয়ভাবে রুটিন মেইনটেন্যান্স চলছে। স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন স্থানে জরুরি মেরামতের জন্য প্রাক্কলনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।