ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে বাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।
বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।