ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় সংসদ নির্বাচনে (আসন্ন ত্রয়োদশ) বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৩৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জনাব, মো. খায়রুল আলম সুমন তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। এর মধ্যে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) পাঁচজনকে, বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) আটজনকে, বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) ছয়জনকে, বরিশাল-৪ আসনে (হিজলা-মেহেন্দিগঞ্জ) পাঁচজনকে, বরিশাল-৫ আসনে (সদর) ছয়জনকে এবং বরিশাল-৬ আসনে (বাকেরগঞ্জ) ছয়জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
যেখানে ৩৫ জন প্রার্থী দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং জেলার একমাত্র আলোচিত স্বতন্ত্র প্রার্থী বরিশাল-১ আসনের (গৌরনদী ও আগৈলঝাড়া) ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে তার কাঙ্ক্ষিত ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪৩ জন। এরমধ্যে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৩৬ জন প্রার্থী রয়েছেন।
সূত্রে আরও জানা গেছে, দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”