মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৯

চট্টগ্রাম বন্দর নিরাপত্তা ব্যবস্থায় জোরদার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চট্টগ্রাম বন্দর নিরাপত্তা ব্যবস্থায় জোরদার। ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়নের ক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি দলের অফিসিয়াল পরিদর্শনে বন্দরের বিরুদ্ধে কোনো পর্যবেক্ষণ না থাকায় ‘জিরো অবজারভেশন’ অর্জিত হয়েছে, যা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, চলতি বছরের ২১-২২ জানুয়ারি ইউএস কোস্ট গার্ডের আইপিএস দল দুই দিনব্যাপী অফিসিয়াল পরিদর্শন করেন। সম্প্রতি প্রেরিত চূড়ান্ত প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও আইএসপিএস কোড বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের আপত্তি বা পর্যবেক্ষণ উল্লেখ করা হয়নি।
চট্টগ্রাম বন্দরের সচিব জনাব, মো. ওমর ফারুক জানান, আইএসপিএস কোড হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) প্রণীত একটি বৈশ্বিক নিরাপত্তা কাঠামো, যার মূল উদ্দেশ্য হলো জাহাজ ও বন্দর স্থাপনাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ করা। এ কোড বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বন্দরের প্রহণযোগ্যতা ও আস্থা সুদৃঢ় করে।