ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ মন জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে বরিশালের মেঘনা নদী থেকে। গতকাল শনিবার মৎস্য অধিদপ্তরের অভিযানে এই জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত জাটকা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, ইলিশ অভয়াশ্রমে দুই মাসের শিকার নিষিদ্ধ থাকার কারণে নিয়মিত টহলের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
একপর্যায়ে মেঘনা নদীতে বেহুন্দি জাল দিয়ে ধরা বিপুল পরিমাণ জাটকা একটি ট্রলারে পাওয়া যায় এবং সেখান থেকে ১০ মন জাটকা উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এতিমখানা ও দুস্থদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়। অভিযানে নৌ-পুলিশের একটি দল সহায়তা করেন।