ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০টি স্বর্ণের বার সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সুমন ইসলাম নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছেন বিজিবি। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জনাব, আরিফুল হক জানান, গতকাল ভোমরা সীমান্তে ফল মার্কেট এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করছে এক যুবক।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার মো. আফজাল হোসেনের নেতৃত্বে বিজিবি অভিযান চালিয়ে চোরাকারবারি সুমন ইসলামকে গ্রেফতার করেন। এ সময় তার প্যান্টের পকেটে কালো টেপ দিয়ে প্যচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ২৫০ গ্রাম ৩৯ মিলিগ্রাম। স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৭ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বার গুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।