ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খাদ্যবান্ধব কর্মসূচির চাল সন্দেহে সিরাজগঞ্জের কাজিপুরে ১৮৩ বস্তা চাল জব্দ করেছেন সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার বেড়িপোটল গ্রামে এক ব্যক্তির ঘর থেকে চালগুলো জব্দ করা হয়।
কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব, মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযানটি পরিচালিত হয়। পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাবা, সাবরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে চালসহ ওই ঘরটি সিলগালা করে দেন।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাবা, সাবরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির বাড়িতে রাত ৩টার দিকে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায়। এ সময় ১৮৩ বস্তায় মোট পাঁচ হাজার ৪৯৯ কেজি চাল পাওয়া যায়।
বিষয়টি খাদ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে। আপাতত চালসহ ওই ঘরটি সিলগালা করে রাখা হয়েছে বলেও জানান তিনি।