ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিকিউরিটি গার্ডদের বেঁধে গাজীপুরে এক পোশাক কারখানায় ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছেন জিএমপি’র গাছা থানা পুলিশ। মহানগরীর কোনাবাড়ি ও বাসন থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় অর্ধকোটি টাকা মূল্যের ৬ হাজার কেজি ফেব্রিক্স উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের বাসিন্দা মো. আকবর হোসেন (৪২), একই জেলার নাগরপর থানার উলাডাব গ্রামের মো. হাসান মিয়া (৪৫), জামালপুর জেলা সদর থানার দিগপাইত গ্রামের মো. জীবন মিয়া (৩৫), যশোর জেলার মনিরামপর থানার মহাতবনগর গ্রামের ইসরাফিল হোসেন নয়ন (২৫) ও একই জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মো. রাজিব হোসেন (২৪)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) জনাব, মো. আলমগীর হোসেন গাছা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।