ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যত্রতত্র গাড়ি থামিয়ে ঢাকা রাজধানীর সড়কে যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার জনাব, মো. মাইনুল হাসান। সেই সঙ্গে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো ও এলোমেলোভাবে রাখা বন্ধের নির্দেশও দেন।
ডিএমপি হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের এসব বিষয়ে আরও সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরও বেশি মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, সবাই আন্তরিকভাবে কাজ করলে ঢাকা মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হব। যে কোনো প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে থাকবে।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) জনাব, ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, খোন্দকার নজমুল হাসানসহ যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিটিবাস মালিক ও প্রতিনিধিরা ছিলেন।