ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ বন্যার সুযোগ নিয়ে ঢাকা কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চিড়া-মুড়িসহ ত্রাণ সহায়তা পণ্যের দাম বেশি নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল শনিবার ঢাকা রাজধানীর অন্যতম প্রধান বাজার কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মো. আব্দুস সালাম। অভিযানে তিনি দেখতে পান বাজারের কিছু ব্যবসায়ী বন্যাকবলিত এলাকায় বিতরণের জন্য ত্রাণসামগ্রী বিশেষ করে মুড়ি, চিড়া, গুড়ের দাম বেশি রাখছেন।
এতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের জন্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান চালানো হয়েছে।